খেলাধুলা, ক্রিকেট

অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে বাংলাদেশের অবিশ্বাস্য জয়

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে এক অবিস্মরণীয় ইতিহাস রচনা করল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়ে মাত্র চার দিনে, ১১তম সেশনেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। ডারউইনে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটে-বলে নিখুঁত পারদর্শিতা দেখিয়ে টেস্ট ইতিহাসের এক নতুন অধ্যায় লিখল বাংলাদেশ।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশের কাছে শীর্ষ দল অস্ট্রেলিয়ার এই হার নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। তবে বাংলাদেশের জন্য এটি দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার এক মধুর সমাপ্তি। দুই দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়া সফরে গিয়ে এমন আধিপত্য বিস্তার করে জয় পাওয়াটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল এবং নিশ্চিত করল যে এই টেস্ট সিরিজ তারা আর হারছে না।

 

ম্যাচের প্রথম দিন থেকেই বোলারদের দাপটে জয়ের ভিত তৈরি হয়। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপকে প্রথম ইনিংসে দুইশ রানের নিচেই গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডদের মতো বিশ্বমানের পেস আক্রমণের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করেন বাংলাদেশি ব্যাটাররা। তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি এবং শান্ত ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ২২৮ রানের বিশাল লিড পায়, যা বিদেশের মাটিতে প্রথম ইনিংসে তাদের সর্বোচ্চ লিড।

 

দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। পেসার হাসান মাহমুদের জোড়া আঘাত এবং মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে দিশেহারা হয়ে পড়ে অজিরা। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরি স্বাগতিকদের কিছুটা লিড এনে দিলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট শিকার করে দলের জয়ে অনবদ্য ভূমিকা রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হাসান মাহমুদ।

 

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান তানজিদ শূন্য রানে ফিরলেও, জয় তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি সফরকারীদের। ১৫তম ওভারের দ্বিতীয় বলে বেউ ওয়েবস্টারকে চার মেরে দলের জয় নিশ্চিত করেন মুমিনুল হক। সাদমান ইসলামের (২৫*) সঙ্গে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩০ রানে অপরাজিত থেকে বীরের বেশে মাঠ ছাড়েন মুমিনুল। ১ উইকেটে ৫৭ রান তুলে ডারউইন জয়ের উল্লাসে মাতে পুরো বাংলাদেশ দল।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন