ইরানি নাগরিকদের জন্য ভিজিটর ভিসায় অস্ট্রেলিয়া ভ্রমণে ছয় মাসের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। নতুন এই বিধিনিষেধের ফলে ভিজিটর ভিসাধারী ইরানিরা আপাতত অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানিয়েছেন, দেশের অভিবাসন ব্যবস্থার ‘অখণ্ডতা ও স্থায়িত্ব রক্ষা করার’ উদ্দেশ্যেই নতুন আইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেন, ইরানে চলমান সংঘাতের আগে অনেক ভিজিটর ভিসা ইস্যু করা হয়েছিল। যদি বর্তমান প্রেক্ষাপটে সেসব ভিসার জন্য আবেদন করা হতো, তবে হয়তো তা আর অনুমোদন করা হতো না।
তবে এই কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেসব ইরানি নাগরিক ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় ভ্রমণ করছেন বা অবস্থান করছেন, তাদের ওপর এই নিয়ম প্রভাব ফেলবে না। এছাড়া, অস্ট্রেলীয় নাগরিক ও স্থায়ী ভিসাধারীদের স্বামী, স্ত্রী অথবা নির্ভরশীল সন্তানদেরও এই বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক আরও স্পষ্ট করেছেন যে, অত্যন্ত সীমিত পরিসরে এবং বিশেষ বিবেচনার ভিত্তিতে অল্প সংখ্যক ব্যক্তিকে ক্ষেত্রবিশেষে ভ্রমণের অনুমতিপত্র প্রদান করা হতে পারে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন