অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালীন দলীয় হোটেল থেকে পালিয়ে যাওয়া ইরানি নারী ফুটবলারদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকার যদি ইরানি খেলোয়াড়দের আশ্রয় না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের সাদরে গ্রহণ করবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের জাতীয় নারী ফুটবল দলকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর অনুমতি দিয়ে অস্ট্রেলিয়া একটি ভয়াবহ মানবিক ভুল করছে। দেশে ফিরলে সম্ভবত তাদের হত্যা করা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, এমনটি করবেন না, তাদের আশ্রয় দিন। আপনি যদি তা না করেন, তবে যুক্তরাষ্ট্র তাদের নিয়ে যাবে।
ইরানে ফিরে গেলে এই খেলোয়াড়দের ওপর চরম নিপীড়ন চালানো হতে পারে এমন আশঙ্কায় তাদের জোরপূর্বক ফেরত পাঠানোর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ক্রমাগত উদ্বেগ বাড়ছে। গত সপ্তাহে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত বাজার সময় খেলোয়াড়রা মাঠে নীরব দাঁড়িয়ে ছিলেন।
তারা এই আচরণের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা না দিলেও, ইরানের অভ্যন্তরে থাকা কিছু কট্টরপন্থী এই নীরবতাকে রাষ্ট্রদ্রোহিতার লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন। উদ্ভূত এ পরিস্থিতিতে সংবাদমাধ্যম সিএনএন স্পোর্টসের একটি সূত্র নিশ্চিত করেছে, জাতীয় দলের অন্তত পাঁচজন সদস্য এরই মধ্যে অস্ট্রেলিয়ায় তাদের নির্ধারিত হোটেল ছেড়ে পালিয়েছেন এবং বর্তমানে তারা স্থানীয় পুলিশের হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছেন।
তথ্যসূত্র: সিএনএন
ডিবিসি/এএমটি