দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী অজিদের ৯০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। ঠিক একদিন আগেই প্রথম ম্যাচে জয়ের মাধ্যমে দীর্ঘ খরা কাটিয়েছিল পাকিস্তান।
শনিবার (৩১ জানুয়ারি) এ জয়ে ২০১৮ সালের পর প্রথমবারের মতো ক্যাঙ্গারুদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৯৮ রান দাঁড় করায়। ইনিংসের শুরুতে ওপেনিং জুটিতে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব ১৭ রান যোগ করেন। সাহিবজাদা মাত্র ৫ রানে ফিরে গেলেও, সাইম আইয়ুব ১১ বলে ২৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তবে বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার মঞ্চে আবারও ব্যর্থ হন অভিজ্ঞ বাবর আজম; মাত্র ৫ বল খেলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
দ্রুত উইকেট পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক সালমান আগা ও উসমান খান। দ্বিতীয় উইকেটে সালমান ১৯ বলে ৪৪ রান তুলে ঝড়ের আভাস দেন। পরবর্তীতে তিনি মাত্র ২৫ বলে ফিফটি পূরণ করেন এবং আউট হওয়ার আগে ৪০ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৭িক্স রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন। অন্যদিকে, উসমান খানও ৩৫ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৫৩ রানে থামেন। শাদাব খান ও উসমানের জুটিতে ৩৯ বলে ৬৩ রান আসে। শেষদিকে শাদাব খান (২০ বলে ২৮*) এবং মোহাম্মদ নওয়াজের (৩ বলে ৯*) ক্যামিও ইনিংসে ভর করে পাকিস্তান বড় সংগ্রহ নিশ্চিত করে।
১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৫৪ রান তুলতেই তাদের টপ অর্ডারের ৫ ব্যাটার সাজঘরে ফিরে যান। দলের পক্ষে ক্যামেরন গ্রিন সর্বোচ্চ ৩৫ রান এবং ম্যাথু শর্ট দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া অধিনায়ক মিচেল মার্শ ১৮ এবং জাভিয়ের বার্টলেট ১০ রান করেন। বাকি ৫ উইকেটও পরের ৫৪ রানের মধ্যেই হারায় অজিরা।
পাকিস্তানের পক্ষে বল হাতে স্পিনাররা ছিলেন দুর্দান্ত। আবরার আহমেদ ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। অলরাউন্ডার শাদাব খানও বল হাতে জ্বলে ওঠেন; ৪ ওভারে ২৬ রান খরচায় তিনি ৩ উইকেট তুলে নেন এবং ১৪তম ওভারে পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। শেষ পর্যন্ত ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
ডিবিসি/এএমটি