অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর আইসিসির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও হারানোর মতো অবস্থানে রয়েছে এবং দলের সবার মনোযোগ এখন সেই প্রক্রিয়ার ওপরই রয়েছে।
মিরাজ বলেন, প্রথম ম্যাচ জেতার পর দলের সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয় উল্লেখ করে তিনি জানান, এ মুহূর্তে দলের মূল লক্ষ্য নিজেদের ছান্দসিক ধারাটা ধরে রাখা এবং পরের ম্যাচ নিয়ে যথাসময়ে পরিকল্পনা সাজানো। ডারউইনে প্রথম টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছেন মিরাজ; প্রথম ইনিংসে ফিফটি করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট নেন তিনি। এছাড়া ম্যাচে তানজিদ হাসানের সেঞ্চুরি এবং দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হাসান মাহমুদ।
ডারউইন টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে হেরেছিল বাংলাদেশ। তবে সেই ব্যর্থতার পরও দলের টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস হারাননি বলে জানান মিরাজ। তিনি উল্লেখ করেন, ছন্দে না থাকার সময় টিম ম্যানেজার নাফিস ইকবাল তাকে উৎসাহ জুগিয়েছেন এবং নেটেও বল করেছেন। পাশাপাশি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের অবদানের কথাও তুলে ধরেন মিরাজ। তিনি জানান, প্রস্তুতি ম্যাচে হারের পর মুশতাক আহমেদ প্রত্যেক ক্রিকেটারের কাছে গিয়ে নিজেদের ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছিলেন, যা দলের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছে।
ম্যাকাইয়ে আগামী শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। এই টেস্টে জয় পেলে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে, যা আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।
ডিবিসি/এফএইচআর