অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের একটি বাণিজ্যিক প্রজনন কেন্দ্র থেকে এক লাখেরও বেশি অবৈধ বিদেশি তেলাপোকা জব্দ করেছে কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া এসব তেলাপোকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ১ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার)। প্রশাসনের দাবি, দেশটির ইতিহাসে অবৈধ বিদেশি অমেরুদণ্ডী প্রাণী জব্দের এটিই সবচেয়ে বড় ঘটনা।
প্রশাসন জানিয়েছে, জব্দ করা এসব পোকার মধ্যে রয়েছে মাদাগাস্কার হিসিং এবং ডুবিয়া প্রজাতির তেলাপোকা, যেগুলো সাধারণত সরীসৃপ প্রাণীর খাবার হিসেবে ব্যবহৃত হয়। তবে অস্ট্রেলিয়ায় এসব বিদেশি প্রজাতির পোকা আমদানি, পালন, প্রজনন বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পোকা রোগবালাই ছড়ানোর পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্য ও কৃষির জন্য চরম হুমকিস্বরূপ হওয়ায় জব্দকৃত সব তেলাপোকা ধ্বংস করে ফেলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় পোষা প্রাণীর ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও মালিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে অস্ট্রেলিয়ার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও শক্তি বিভাগ। সংস্থাটির এক মুখপাত্র জানান, বহিরাগত এসব তেলাপোকার অবৈধ প্রজনন ও ব্যবসা কর্তৃপক্ষের নজরে এসেছে। কারও কাছে ডুবিয়া ও মাদাগাস্কার হিসিংয়ের মতো বিদেশি তেলাপোকা পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করার পাশাপাশি জড়িত ব্যক্তিদের ফেডারেল আইনের আওতায় শাস্তির সম্মুখীন হতে হবে।
উল্লেখ্য, মাদাগাস্কার হিসিং বিশ্বের অন্যতম বৃহৎ প্রজাতির তেলাপোকা। জোরে হিসহিস শব্দ করার কারণে এদের এমন নামকরণ করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) তথ্যমতে, বাথার্স্টের সাপ শিকারি স্টেফানি লেসার জানিয়েছেন, অনলাইনে সরীসৃপের খাবার হিসেবে এসব প্রাণী বিক্রি হতে দেখেছেন তিনি। হাতের তালুর সমান বড় আকারের কারণে অনেকেই এগুলো পোষেন। সরীসৃপকে তিন-চারটি ছোট ‘উডি’ (এক ধরনের ছোট ইঁদুর) খাওয়ানোর বদলে এমন একটি বড় তেলাপোকা দিলেই চলে বলে আর্থিকভাবেও এটি বেশ সাশ্রয়ী।
সূত্র: বিবিসি
ডিবিসি/এফএইচআর