অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে বড় ধরনের চমক দিয়েছে পাকিস্তান। অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে না রেখেই ঘোষনা করা হয়েছে ১৬ সদস্যের দল, যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে তিন ম্যাচ মিলিয়ে তিনি করেন মাত্র ৫৮ রান। যা নিয়ে হয়েছিল প্রচুর সমালোচনা। যদিও টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৯৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি।
৩০ মে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের দলে ফিরেছেন বাবর আজম, হারিস রউফ ও শাদাব খান। পাকিস্তানি গণমাধ্যমগুলোর মতে, নতুন কোচ মাইক হেসন সাদা বলের ক্রিকেটে নতুন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান এবং তরুণদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজওয়ানের জায়গায় উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন রোহাইল নাজির ও মুহাম্মদ গাজি ঘোরি। রোহাইলের জন্য এটি প্রথম ওয়ানডে দলে অন্তর্ভুক্তি।
চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না ফখর জামান ও সাইম আইয়ুব। সিরিজকে সামনে রেখে পাকিস্তান দল ২৩ মে থেকে অনুশীলন শুরু করবে।
ডিবিসি/এমএসডি