আন্তর্জাতিক, খেলাধুলা, ফুটবল

অ্যান্ড্রিককে নিয়ে তাড়াহুড়ো নয় খেলানো হবে সঠিক সময়েই: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রাজিল দলের তরুণ ফরোয়ার্ড অ্যান্ড্রিকের ওপর পূর্ণ আস্থা থাকলেও চলতি বিশ্বকাপে তাঁকে খেলানো নিয়ে বিশেষ কৌশলের কথা জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ১৯ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ তারকাকে মূল একাদশে পেতে হলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে বেঞ্চেই কাটানো এই ফুটবলারকে গ্রুপ 'সি'-এর পরবর্তী ম্যাচে হাইতির বিপক্ষেও সম্ভবত শুরুর একাদশে দেখা যাচ্ছে না। ফিলাডেলফিয়ার মাঠে নামার আগে আনচেলত্তি স্পষ্ট করেছেন যে, দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিভাকে সঠিক সময়েই মাঠে নামানো হবে।

 

প্রথম ম্যাচে অ্যান্ড্রিককে না খেলানোর পেছনে দলের রণকৌশল ব্যাখ্যা করেছেন সেলেসাওদের এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। মরক্কোর বিপক্ষে তিনি ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগোকে মূল স্ট্রাইকার এবং পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাথেউস কুনহাকে মাঠে নামিয়েছিলেন। কোচের মতে, কুনহা আক্রমণাত্মক মিডফিল্ড বা লিংক-আপ ফুটবলার হিসেবে দারুণ এবং থিয়াগো বক্সের ভেতর নিখুঁত টার্গেট ম্যান। অন্যদিকে, অ্যান্ড্রিকের খেলার ধরন এই দুজনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং অনন্য, যার কারণে তাঁর জন্য বিশেষ মুহূর্তের অপেক্ষা করছে দল।

 

রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করার পাশাপাশি অ্যান্ড্রিকের ক্যারিয়ার গঠনেও বড় ভূমিকা রেখেছেন আনচেলত্তি। তাঁর পরামর্শেই ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ফরাসি ক্লাব লিওঁতে যোগ দিয়ে ১৬ ম্যাচে ৫ গোল ও ৭ অ্যাসিস্ট করে সফল হন এই তরুণ। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অ্যান্ড্রিক এবং তাঁর পরিবারের ধৈর্য ও মানসিক পরিপক্বতার প্রশংসা করে আনচেলত্তি জানান, এই শান্ত ভাবটি একজন তরুণ ফুটবলারের জন্য ভীষণ ইতিবাচক।

 

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত জয় না এলেও দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী কোচ। খেলোয়াড়রা নিজেদের ঘাটতিগুলো নিয়ে ইতিবাচক আলোচনা করছেন এবং ভুল শুধরে মাঠে নামতে কঠোর পরিশ্রম করছেন। আগামী ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে দল দ্রুতই চেনা ছন্দে ফিরবে বলে বিশ্বাস করেন কার্লো আনচেলত্তি। সূত্রঃ ইএসপিএন 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন