খেলাধুলা, অন্যান্য খেলা

আইএইচএফ ট্রফি: আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ম্যাচের শেষ বাঁশি বাজতেই গ্যালারি থেকে উচ্ছ্বাস। হ্যান্ডবল কোর্টের পাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদেরও চেহারায় উচ্ছ্বাসের আভা। পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ১০ জুন বুধবার শুরু হওয়া বয়সভিত্তিক পুরুষ আইএএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে দারুণ শুরু বাংলাদেশের।

অ-২০ বিভাগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪৩-২২ গোলে উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। প্রথমার্ধে ১৯-১৩ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিক দলের মোহাম্মদ রনি হাসান করেছেন সর্বোচ্চ ৯ গোল।

 

জয় দিয়ে শুরু করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক রাতুল উদ্দিন, এর আগে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলেছি কিন্তু আফগানিস্তানের সঙ্গে খেলিনি। আমরা উচ্চতায় ওদের চেয়ে যতোই খাটো হই না কেন আত্মবিশ্বাস ছিল জিততে পারব। প্রথমার্ধে আমি হালকা ইনজুরিতে পড়ি। এজন্য ভয়ে ছিলাম। খেলা যে কোনও মূহূর্তে দুয়েক মিনিটে ঘুরে যেতে পারে। এর আগেও কাজাখস্থানের সঙ্গে এভাবে হেরেছিলাম। তবে আজকের জয়ের আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগবে।

 

এর আগে অ-২০ বিভাগের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপে ভারত ৫৩-৩১ গোলে হারিয়েছে ইয়েমেনকে। ভারতের শিবা কুমার সর্বোচ্চ ১১ গোল করেন। ১১ জুন বৃহস্পতিবার অ-২০ বিভাগে বাংলাদেশের কোনও ম্যাচ নেই। তবে বিকেল ৩টায় নেপাল মুখোমুখি হবে ইয়েমেনের। পরের ম্যাচে বিকেল ৫টায় মালদ্বীপের প্রতিপক্ষ আফগানিস্তান।

 

সকালে মালদ্বীপ ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৮-২১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে মালদ্বীপ। জয়ী দলের মোহাম্মদ আফলাহ হোসেন সর্বোচ্চ ৮ গোল করেছেন। এরপর দ্বিতীয় ম্যাচে ভারত ৪৯-২৭ গোলে হারিয়েছে নেপালকে। ভারতের পবন কুমার ও রোহিত সাক্সেনা সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন। আগামীকাল ১১ জুন অনূর্ধ্ব-১৮ প্রতিযোগিতায় প্রথম ম্যাচে বেলা ১১টায় আফগানিস্তানের মুখোমুখি হবে নেপাল। দুপুর ১টায় বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ।

 

সকাল ১১টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে পোলার আইসক্রিম। উদ্বোধনী অনুষ্ঠানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন আলিফ স্কোয়াড শিল্পীরা। এর আগে প্রতিটি দলের পতাকা সহযোগে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজাররা হ্যান্ডবল কোর্টে প্রবেশ করেন।

 

এ সময় প্রতিটি দেশের বিভিন্ন দেশাত্মবোধক গান বাজতে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদ, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহমেদ।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন