বগুড়া আইএইচটির শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোর ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে তিনি উল্লেখ করেন।
সেই সাথে শিক্ষার্থীদের টানা ১৩ দিনের আন্দোলনের মুখে সরানো হলো বগুড়ার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষকে। বগুড়া আইএইচটির অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনকে বাগেরহাটের ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার বগুড়া আইএইচটির অধ্যক্ষকে বাগেরহাটে বদলী করে মাদারিপুরের ম্যাটসে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে বগুড়া আইএইচটির সিনিয়র লেকচারার ওমর ফারুক মীরকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বদলির ওই আদেশে আরো বলা হয়, ডা. আমায়াত-উল-হাসিনকে সাত দিনের মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে হবে। না হলে অষ্টম কার্যদিবসে তিনি স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।
সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুরের ছোনকা বাজার এলাকা থেকে সজল ঘোষকে গ্রেপ্তার করা হয়৷ তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়া আইএইচটির শিক্ষার্থীদের অভিযোগ- এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী না হয়েও রাজনৈতিক প্রভাবে বিগত ১২ বছর ধরে ছাত্রাবাসের (হোস্টেল) একটি কক্ষ দখল করে ছিলেন সজল ঘোষ। ওই কক্ষে নিয়মিত মাদক সেবনসহ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন চালাতেন সজল। সর্বশেষ গত ২৯ আগস্ট দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও হোস্টেলের মিল ম্যানেজার আমিনুল ইসলামকে মারধর করেন তিনি।
এই ঘটনায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। সেই সময় শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভের বিষয়টি সামনে আসে। সড়ক অবরোধকালে তারা ৩ দাবি জানায়। তাদের দাবির মধ্যে ছিল- বহিরাগত সন্ত্রাসীকে আশ্রয় ও প্রশ্রয়দানকারী অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনের অপসারণ; সন্ত্রাসী, চাঁদাবাজ সজল ঘোষকে গ্রেপ্তার ও শাস্তি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। এই দাবিতে টানা ১৩দিন আন্দোলন চালিয়ে আসেন শিক্ষার্থীরা।
সর্বশেষ গত রবিবার বেলা ১২টা থেকে ৩ দফা দাবিতে ১০ ঘণ্টা শহরের বগুড়া-শেরপুর সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ ও জেলা প্রশাসনের আশ্বাসে রাত ১০টার দিকে অবরোধ তুলে নেন তারা।
ডিবিসি/ এইচএপি