ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। জমজমাট এই প্রতিযোগিতায় ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ফাইবার ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 'রয়্যাল স্টিচ'।
আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিভাগের মোট ছয়টি দল অংশ নেয়। দলগুলো হলো টেক্স টাইটানস, ফাইবার ওয়ারিয়র্স, ফেব্রিক নাইটস, রয়্যাল স্টিচ, এলিট স্পিনার্স এবং ক্রোম ক্লাস্টার্স।
বুধবার (১৯ আগস্ট) অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফয়সালা হয়। টাইব্রেকারে রয়্যাল স্টিচের খেলোয়াড়েরা দারুণ নৈপুণ্য দেখিয়ে দুটি গোল করে দলের জয় ও শিরোপা নিশ্চিত করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা যায়।
ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ আবু নাজিম, টুর্নামেন্ট ডিরেক্টর মো. হাসিবুল হাসানসহ টেক্সটাইল বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, কেবল শ্রেণিকক্ষের পড়াশোনাই নয়, একজন দক্ষ প্রকৌশলী হয়ে ওঠার জন্য মাঠের অভিজ্ঞতাও অত্যন্ত জরুরি। খেলাধুলা মানুষের মাঝে নেতৃত্ব, দলগত সিদ্ধান্ত গ্রহণ, শৃঙ্খলা এবং প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে। তাই তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলায় সম্পৃক্ত করা, দলীয় চেতনা তৈরি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এই আয়োজনের মূল লক্ষ্য ছিল। টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো দিনজুড়ে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
ডিবিসি/এমএনকে