প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর মামলা পরিচালনা ও আইনজীবীদের আয় কমে যাওয়ার বিষয়টি তুলে ধরায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আপিল বিভাগে খোকনের ওই মন্তব্যের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাস ত্যাগ করেন।
ঘটনার সূত্রপাত কাজী নিয়োগসংক্রান্ত একটি মামলায় আইনজীবী ও রিটকারীকে জরিমানা করা নিয়ে। আগে খারিজ হওয়া রিট পিটিশনের আদেশ গোপন রেখে একই আদেশ চ্যালেঞ্জ করে পাঁচটি রিট পিটিশন দায়ের করেন এক আইনজীবী। বিষয়টি নজরে এলে ওই আইনজীবী ও রিটকারীকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন আপিল বিভাগ।
পরে জরিমানার বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয় কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে একজন আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাকে অস্বাভাবিক বলে উল্লেখ করেন তিনি। খোকনের দাবি, মামলা পরিচালনা ও আয় কমে যাওয়ার প্রসঙ্গ তোলায় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন।
তবে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরে এক ব্রিফিংয়ে বলেন, এজলাসে প্রধান বিচারপতির সঙ্গে মাহবুব উদ্দিন খোকনের আচরণ আদালত অবমাননার শামিল। মন্তব্যটি আদালত অবমাননাকর হওয়ায় প্রধান বিচারপতি এজলাস ত্যাগ করেন বলে জানান তিনি। এর আগে সকালে একটি মামলার শুনানির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করতে বলেন আপিল বিভাগ।
ডিবিসি/আরএসএল