বাংলাদেশ, জাতীয়

আওয়ামী লীগের মাঠে নামার নৈতিক সাহস নেই: জাহেদ উর রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মাঠে নামার মতো কোনো নৈতিক সাহস নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, মাফিয়া, লুটপাটকারী ও আইনভঙ্গকারীদের কোনো নৈতিক সাহস থাকে না। দেশের মানুষের ডিমেনশিয়া না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ আর বড় গলায় কথা বলতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। তবে দলটির প্রচুর অর্থ থাকায় তারা অর্থের বিনিময়ে ছোটখাটো নাশকতা ঘটাতে পারে বলে সরকার সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।

 

উপদেষ্টা স্পষ্ট করে বলেন, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই তারা কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামলে তা সরাসরি আইনভঙ্গের শামিল হবে এবং সরকার স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেবে। জননিরাপত্তার স্বার্থে দেশের কিছু ঝুঁকিপূর্ণ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এর অর্থ এই নয় যে আওয়ামী লীগের বড় কিছু করার সক্ষমতা রয়েছে। এছাড়া, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না- তা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের রায়ের ওপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন।

 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে অত্যন্ত সফল হিসেবে আখ্যায়িত করেন জাহেদ উর রহমান। তিনি জানান, এই সফরে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য, আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সমর্থনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হওয়ায় শিগগিরই বাজারটি উন্মুক্ত হবে বলে সরকার আশাবাদী।

 

স্থানীয় সরকার নির্বাচন ও নাগরিক সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। পুরো প্রক্রিয়াটি শেষ করতে প্রায় এক বছর সময় লাগবে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। এদিকে, গণপরিবহনে সেবার মান বাড়াতে প্রতিটি গাড়িতে জিপিএস যুক্ত করা এবং চলাচলের সময় তা চালু রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি দেশের আরও ১০টি জেলায় নতুন করে রেল যোগাযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বস্তির বিষয় হলো, এবার বাজেট ঘোষণার পর বাজারে দাম বৃদ্ধির চিরাচরিত প্রবণতা নেই বললেই চলে।

 

স্বাধীন মিডিয়া কমিশন গঠনের বিষয়ে অংশীজনদের সাথে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। একইসাথে, দেশে প্রথমবারের মতো সমুদ্রবিজ্ঞান বা ওশোনোগ্রাফিক গবেষণার জন্য নিজস্ব উদ্যোগে জাহাজ তৈরির কথা জানান তিনি। সবশেষে, সরকার জনগণের ওপর যেকোনো ধরনের অন্যায় আচরণ রোধ করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের কাছে জাইমা রহমান, প্রধানমন্ত্রীর স্ত্রী বা দেশের অন্য যেকোনো সাধারণ নারীর অধিকার ও সম্মান সম্পূর্ণ সমান।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন