মধ্যপ্রাচ্যে উত্তেজনা

আকাশপথ বন্ধের ৬ দিনে ঢাকা থেকে বাতিল ২১০ ফ্লাইট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাতিল হওয়া ৩৪টি ফ্লাইটসহ গত ৬ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট ঢাকা থেকে বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে পর্যায়ক্রমে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

 

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাই দুবাইয়ের ৪টি ফ্লাইট। এর পাশাপাশি, জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী তাদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন