এসএম-৩ ব্লক ২এ এবং এসএম-৩ ব্লক ১বি ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের প্রয়োজনীয় যন্ত্রাংশ উৎপাদন বাড়াতে বোয়িং ও আরটিএক্স-এর সাথে একটি চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করেছে পেন্টাগন।
এক বিবৃতিতে জানানো হয়েছে, এই যুগান্তকারী চুক্তির ফলে জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ইন্টারসেপ্টরগুলোর উৎপাদন আরও ত্বরান্বিত হবে। মূলত এই ইন্টারসেপ্টরগুলো এজিস ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করে।
সাম্প্রতিক সময়ে ফুরিয়ে যাওয়া যুদ্ধাস্ত্রের মজুত পুনরায় পূর্ণ করতে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে অস্ত্র উৎপাদন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছিল পেন্টাগন। চলতি সপ্তাহের শুরুর দিকে দেওয়া সেই আহ্বানের পরই নতুন এই চুক্তির ঘোষণাটি সামনে এলো।
ইরানের সাথে দীর্ঘ পাঁচ মাস ধরে চলা তীব্র যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকার বেশ কিছু আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে গেছে।
অস্ত্রের ঘাটতি নিয়ে এমন সব উদ্বেগজনক খবর ও জল্পনাকল্পনা ছড়িয়ে পড়লেও হোয়াইট হাউস তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। মার্কিন বাহিনীর কাছে যুদ্ধাস্ত্রের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছে তারা।
ডিবিসি/এসডব্লিউএন