জেলার সংবাদ

আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: ১ কেজির বদলে মিলছে ৫০০ গ্রামের মাছ

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জয়পুরহাটের আক্কেলপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী রোগীদের জন্য সরবরাহকৃত প্রতিটি মাছের ওজন নাড়িভুঁড়ি ফেলার পর কমপক্ষে ১ কেজি হওয়ার কথা থাকলেও, সেখানে দেওয়া হচ্ছে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের আস্ত ছোট মাছ। এ ঘটনায় রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে হাসপাতালের রান্নাঘরে গিয়ে দেখা যায়, রোগীদের খাবারের জন্য প্রায় ১২ থেকে ১৪ কেজি ছোট আকারের নিম্নমানের মাছ রাখা হয়েছে। ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্রে দেখা যায়, নাড়িভুঁড়ি ও আঁশ ছাড়ানোর আগেই মাছগুলোর ওজন মাত্র ৪৯৫ থেকে ৬০০ গ্রামের মধ্যে। সরকারি বিধি মোতাবেক নির্ধারিত ওজনের মাছ না পাওয়া গেলে বিকল্প সমমানের খাবার দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি। এ বিষয়ে খাবার সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদার সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং কোনো মন্তব্য না করে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলতে বলেন।

 

অনিয়মের খবর পেয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. ফজলে রাব্বি রাকিব দ্রুত রান্নাঘরে উপস্থিত হয়ে মাছের ওজনে ব্যাপক গরমিল দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে সরবরাহকৃত সব মাছ বাতিল ঘোষণা করে মেনু পরিবর্তন করে রোগীদের জন্য মুরগির মাংস দেওয়ার নির্দেশ দেন। নির্দেশনার পর ঠিকাদার বাতিলকৃত মাছগুলো ফেরত নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন সজল হোসেন অভিযোগ করে বলেন, এখানকার খাবারের মান অত্যন্ত নিম্নমানের এবং রোগীদের খাবারে এই দুর্নীতি বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন।

 

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ মুঠোফোনে জানান, তিনি ছুটিতে থাকলেও বিষয়টি জেনে সাথে সাথেই দায়িত্বপ্রাপ্তদের মেনু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। হাসপাতালের খাবারে কোনো অনিয়ম বরদাশত করা হবে না এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন