বাংলাদেশ, জেলার সংবাদ

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত এক বছর সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে আইনের শাসন নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। আমাদের জাতীয় জীবনে আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণে কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম অত্যন্ত প্রাসঙ্গিক। 

 

বাংলাদেশ এবং কাজী নজরুল ইসলামকে এক অবিভাজ্য সত্তা ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণার সম্ভাব্যতা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান।

 

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশালের সংসদ সদস্য মাহবুবুর রহমান এবং স্মারক বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবির নাতনি ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খিলখিল কাজী, ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ অন্যান্যরা।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নজরুল গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুজন গুণী ব্যক্তির হাতে ‘নজরুল পদক’ ও সম্মাননা তুলে দেন। এরপর তিনি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং অতিথিদের সারিতে বসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন