স্বাস্থ্যমন্ত্রী

আগামী ৮ বছরে বাংলাদেশে একটি প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ৮ বছরের মধ্যে বাংলাদেশে কোনো প্রতিবন্ধী সরকারি ভাতার বাইরে থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদীর বেলাব উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় নিয়ে আসা হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, দ্রুত তাঁদের নাম জমা দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

ফ্যামিলি কার্ডের সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, "নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না, তবে এমন একটি জিনিস দেব, যাতে এই দুনিয়াতেই আল্লাহ আপনাদের কল্যাণ দান করেন। নারীরা যাতে ভালোভাবে জীবনযাপন করে, সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন, সে জন্যই এই উদ্যোগ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।"

 

উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশে তিনি আরও বলেন, "ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা ১২ মাসে ৩০ হাজার টাকা পাবেন। তখন টাকার জন্য স্বামীদের কাছে আপনাদের আর ঘুরতে হবে না; বরং স্বামীরাই আপনাদের কাছে ঘুরে হাত পাতবে।"

 

অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ে নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

 

জেলা প্রশাসনের আয়োজনে এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত এবং বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন