আন্তর্জাতিক

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৬ই সেপ্টেম্বর ২০২৬ ১২:৪৫:৫৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দোনেশিয়ার মাউন্ট আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে তীব্র অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর ফলে নির্গত ধোঁয়া ও ছাই রাজধানী জাকার্তার আকাশে ছড়িয়ে পড়ায় দেশটির প্রধান বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার সকালে কর্তৃপক্ষ জানায়, উদ্ভূত পরিস্থিতিতে জাকার্তার সোয়েকার্নো-হাত্ত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইট ওঠানামা স্থগিত রাখা হয়। বিমানবন্দরটি আগ্নেয়গিরির এলাকা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

 

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, গত শুক্রবার রাত থেকেই আনাক ক্রাকাতোয়ায় লাভা উদগীরণ শুরু হয়। অগ্ন্যুৎপাতের বিকট শব্দ শত শত কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। রবিবারও নতুন করে দুই দফা অগ্ন্যুৎপাত ঘটে। এর ফলে আকাশে কয়েক হাজার মিটার উঁচু পর্যন্ত ছাইয়ের স্তর ছড়িয়ে পড়ে।

 

বিমানবন্দর এলাকায় আগ্নেয়গিরির ছাইয়ের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তে অন্তত ৩৩টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং কয়েকটি বিলম্বিত হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের ফ্লাইট সূচি পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ আগ্নেয়গিরির ছাই বিমানের ইঞ্জিনের মারাত্মক ক্ষতি করতে পারে এবং দৃষ্টিসীমা কমিয়ে দেয়। তবে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এই অগ্ন্যুৎপাত থেকে আপাতত কোনো সুনামির ঝুঁকি নেই।

সূত্র: আল জাজিরা

ডিবিসি/হাদী

আরও পড়ুন