ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তারা আগ্রাসনকারীদের 'উপযুক্ত শিক্ষা' দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে অত্যন্ত কঠোর ও প্রতিবাদী অবস্থান ব্যক্ত করেন।
আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে নেতানিয়াহু এবং ট্রাম্পের যুদ্ধ সম্পূর্ণ উস্কানিবিহীন, বেআইনি এবং অবৈধ। ডোনাল্ড ট্রাম্পের নীতিকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন যে, ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা আগে) নীতিকে ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন। আরাগচির মতে, এর অর্থ হলো পরোক্ষভাবে ‘আমেরিকা লাস্ট’ বা আমেরিকাকে তলানিতে নিয়ে যাওয়া।
ইরানের সামরিক সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করে তিনি জানান, তাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং যেকোনো হামলার দাঁতভাঙা জবাব দিতে তারা সক্ষম।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নীতি এবং ইসরায়েলের সাথে ইরানের চলমান বৈরী সম্পর্ককে কেন্দ্র করে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। আরাগচির এই বার্তা মূলত ওয়াশিংটন এবং তেল আবিবকে একটি স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল