মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৯ মার্চ) আরও ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ফ্লাইটের ওপর এই সরাসরি প্রভাব পড়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা যায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। এর মধ্যে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং সর্বশেষ ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল হয়। সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলো মিলিয়ে এখন পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৫টিতে।
সোমবার বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের বিস্তারিত পরিসংখ্যানে দেখা যায়, এর মধ্যে রয়েছে কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
ডিবিসি/আরএসএল