বাংলাদেশ, জেলার সংবাদ

আজীবন বিএনপি করার ঘোষণা দিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগ উপদেষ্টা

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজীবন বিএনপি সমর্থন করে যাওয়ার ঘোষণা দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ দুলু। তিনি রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

মতবিনিময় সভায় লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি বলেন, "আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি ও মন্ত্রী রাজু সাহেব (রাজিউদ্দিন আহমেদ রাজু) আমাকে জোর করে দুইবার নির্বাচনে হারিয়েছেন এবং নানাভাবে হয়রানি করেছেন। আমাকে নির্বাচন অফিসে আটকে রাখা হয়েছিল। আমি মূলত কোনো সুনির্দিষ্ট দল করিনি, তবে আওয়ামী লীগের সমর্থক ছিলাম।"


তিনি আরও বলেন, "আমি একসময় ছাত্রদল করতাম। ১৯৮১ সাল থেকে ছাত্রদল করার পর যখন চেয়ারম্যান হলাম, তখন যে দল যখন ক্ষমতায় এসেছে, তাদের সঙ্গে সমন্বয় করে চলেছি। কিন্তু মনে-প্রাণে আমি ছোটবেলা থেকেই বিএনপি। আমার এলাকার আত্মীয়-স্বজন ও ভাইয়েরা সবাই বিএনপির লোক।"


আলী আহম্মেদ দুলু জানান, চলতি বছরের ২ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। পূর্বের সব রাজনৈতিক পরিচয় ত্যাগ করার কথা উল্লেখ করে তিনি বলেন, "যোগদানের পর বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয়নি। মূলত সেটি জানাতেই আজকের এই সংবাদ সম্মেলন।"


তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি আদি বিএনপি। ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করেছিলাম, এখন নিজের ঘরে ফিরে এসেছি। সাংবাদিকদের মাধ্যমে আজ পুনরায় ঘোষণা দিচ্ছি যে, আমি পূর্ণাঙ্গভাবে বিএনপিতে যোগ দিলাম। আজ থেকে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও সাবেক এমপি-মন্ত্রীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করব। অতীতে বিএনপি করেছি, বর্তমানেও বিএনপিতে এসেছি এবং জীবনের বাকি সময় বিএনপি করেই পার করতে চাই।"


স্থানীয় সূত্রে জানা যায়, আলী আহমেদ দুলু রাজনৈতিক ক্যারিয়ারে বারবার দল পরিবর্তন করেছেন। তিনি একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি খোলস বদলে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। আওয়ামী লীগের দলীয় পরিচয় ব্যবহার করে তিনি একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এবং ক্ষমতার নানাবিধ সুবিধা ভোগ করেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের সুসময়ে তিনি জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পদও লাভ করেন। 


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন