বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন পরবর্তী রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এর আগে গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। আজকের বৈঠকটি সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করা হচ্ছে।
সদ্য সমাপ্ত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনের মধ্যে ২৫৭টিতে প্রার্থী দিলেও বরিশালের মতো নিজেদের শক্ত ঘাঁটিতেও কাক্সিক্ষত ফলাফল অর্জন করতে পারেনি। বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম পান ৯৩ হাজার ৫২৮ ভোট।
অন্যদিকে বরিশাল-৬ আসনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হন মুফতি ফয়জুল করীম। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। এখানে দ্বিতীয় অবস্থানে ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবি (৫৪ হাজার ৫৩৩ ভোট)। আর হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে ২৮ হাজার ৮২৩ ভোট পেয়ে তৃতীয় হন ফয়জুল করীম, যা দলটির প্রত্যাশার তুলনায় অনেক কম।
ডিবিসি/পিআরএএন