রাজধানীর মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান (বোটানিক্যাল গার্ডেন) এর প্রবেশ ফি বেড়েছে। এই উদ্যানে প্রবেশ ফি আগে ২০ টাকা থাকলেও আজ বৃহস্পতিবার (৪ঠা জুলাই) থেকে ১০০ টাকা গুণতে হচ্ছে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের।
২১৫ একরের জাতীয় উদ্ভিদ উদ্যানে রয়েছে এক হাজার ৪৬ প্রজাতির বৃক্ষ ও বন্য প্রাণী। বোটানিক্যাল গার্ডেনে শত শত প্রজাতির বৃক্ষ দেখতে শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমী মানুষেরা নিয়মিত আসা-যাওয়া করে। অথচ স্থানটিতে প্রবেশমূল্য (টিকিটের দাম) বাড়ানো হয়েছে পাঁচ গুণ।
এর আগে বন অধিদপ্তর একটি বিজ্ঞপ্তিতে সাত ক্যাটাগরিতে নতুন করে নির্ধারিত প্রবেশ ফি নিতে নির্দেশনা দিয়েছে বন বিভাগকে। যা আজ (৪ঠা জুলাই) থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। ১২ বছরের নিচের শিশুদের জন্য পূর্বের ফি ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫০ টাকা। এছাড়া বিদেশি পর্যটকদের প্রবেশে ফি দিতে হবে এক হাজার টাকা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যাওয়া ১০০ জনের গ্রুপকে দিতে হবে এক হাজার টাকা আর ১০০ জনের বেশির গ্রুপকে দিতে হবে এক হাজার ৫০০ টাকা।
ভ্রমণের সময় পরিবর্তন করে (নভেম্বর থেকে মার্চ সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা, আর এপ্রিল থেকে অক্টোবর সকাল ৬টা থেকে ৭টা) করা হয়েছে।
কর্তৃপক্ষের দাবী, বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বাড়ানোর বিষয়টি বন ও জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক। কারণ প্রবেশ ফি বাড়ানোয় এখন আর কেউ অযথা সেখানে প্রবেশ করবে না। এতে বন্য প্রাণীর নিরাপত্তা বাড়বে। আর যারা প্রকৃত বৃক্ষপ্রেমী এবং যাদের এখানে আসার দরকার, তারা আসবেই। ফি বাড়ানোয় সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও সহায়ক হবে।
ডিবিসি/এএনটি