জাতীয়

আজ থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি সংকট এড়াতে আজ রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। এর আগে শুক্রবার পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই তথ্য জানিয়েছিলেন এবং পাম্পগুলোকে এ বিষয়ে লিখিত নির্দেশনা দেওয়ার কথা উল্লেখ করেছিলেন। তবে আনুষ্ঠানিক শুরুর আগেই পাম্পগুলো নিজেদের মতো করে তেল রেশনিং করে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে এবং পাম্পগুলোর সামনে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার জানিয়েছেন, তেলের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে রোববার থেকে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হচ্ছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে এবং আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল আসছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে, সে অনিশ্চয়তার কারণেই মূলত এই রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। পাম্পগুলোর জন্য তেলের নির্দিষ্ট পরিমাণ নির্ধারিত আছে উল্লেখ করে মন্ত্রী আরও জানান, কোনো পাম্প দ্রুত তেল বিক্রি করে ফেললে পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরো বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

 

এদিকে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোন ধরনের গাড়িতে দৈনিক কতটুকু তেল দেওয়া হবে, তা নির্ধারণ করে দিয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার এবং ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ১০ লিটার পেট্রল বা অকটেন নেওয়া যাবে। এছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি বা জিপ) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার পেট্রল বা অকটেন পাবে। অন্যদিকে, ডিজেলচালিত পিকআপ বা লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার ডিজেল নিতে পারবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন