‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (১০ মে) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। নৌপথে দুর্ঘটনা রোধ এবং যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচি আগামী ১৬ মে পর্যন্ত চলবে।
নৌ নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন আজ রাজধানীর রমনার লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
মূলত নৌযান মালিক, চালক এবং সাধারণ যাত্রীদের মধ্যে নৌ নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই আয়োজনের প্রধান লক্ষ্য। সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় নৌপথে চলাচলকারী লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারসমূহকে আবহাওয়ার নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে।
এছাড়া দেশের বিভিন্ন নৌবন্দর ও গুরুত্বপূর্ণ লঞ্চঘাটগুলোতে আলোচনা সভা, র্যালি, লিফলেট বিতরণ এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম তথা লাইফ জ্যাকেট ব্যবহারে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন বর্ষা মৌসুমকে কেন্দ্র করে নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি। কর্মসূচিকালীন ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ রাখা, দক্ষ চালক নিয়োগ নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী বহন রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
নদীমাতৃক বাংলাদেশে নৌপথের গুরুত্ব বিবেচনা করে সরকারি নির্দেশনার পাশাপাশি নৌযান মালিক ও শ্রমিকদের আইন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। অধিদপ্তর আশা করছে, এই সপ্তাহব্যাপী কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে নৌপথে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।
ডিবিসি/টিবিএ