শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ পণ্য প্রদর্শনী '৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬'।
আজ শনিবার (৩রা জানুয়ারি) সকাল ১০টায় পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।
মেলা উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এই মেলা একটি অনন্য আয়োজন, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের অপার সম্ভাবনাকে তুলে ধরবে।
তিনি আরও উল্লেখ করেন, দেশীয় পণ্যের প্রচার ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এই মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা বিদেশি পণ্যের মান ও নকশা সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ পাবেন।
এবারের মেলায় প্রযুক্তি ও আধুনিকতার ছোঁয়া লেগেছে অনেক বেশি। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের ভিড় কমাতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। অনলাইনে টিকিট কেটে কিউআর (QR) কোড স্ক্যান করে সহজেই মেলায় প্রবেশ করা যাবে। মেলা প্রাঙ্গণে যাতায়াতের জন্য বিআরটিসি (BRTC) বিশেষ বাস সার্ভিস চালু করেছে। পাশাপাশি 'পাঠাও' সার্ভিসে মিলবে বিশেষ ছাড়।
উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলা গত ১লা জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কারণে উদ্বোধনী অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ৩রা জানুয়ারি নির্ধারণ করা হয়।
১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে এই মেলা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীকালে ২০২২ সাল থেকে স্থায়ী ভেন্যু হিসেবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলাটি নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
ডিবিসি/ এসএফএল