ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকাল সাড়ে ৩টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে এটিই তার প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।
গত ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে একাদশ সংসদ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি।
নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, বিএনপি গণমানুষের দল, তৃণমূলের ক্ষমতায়নের দল। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব শ্রেণিপেশার মানুষের সাথে কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে ৩১ দফা নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কর্মসূচি নিয়ে যাওয়া হয়েছে। সেই জনসম্পৃক্ততার আলোকে দল, অঙ্গ এবং সহযোগী সংগঠন সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ওপর ভিত্তি করে যুগের চাহিদা মিলিয়ে জনমানুষের সমস্যার সমাধানের জন্য, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি নির্বাচনি ইশতেহার নিয়ে আসছে।
ডিবিসি/কেএলডি