বাংলাদেশ, জাতীয়

আজ বিশ্ব গাধা দিবস

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুগ যুগ ধরে মানুষের সেবায় নিয়োজিত প্রাণীদের তালিকায় গাধার নাম সম্ভবত সবার ওপরে থাকবে। অথচ পরম সহিষ্ণু ও পরিশ্রমী এই প্রাণীটিই সবচেয়ে বেশি অবহেলার শিকার। গাধার এই অসামান্য পরিশ্রম আর ধৈর্যকে স্বীকৃতি দিতেই প্রতি বছরের মতো আজ ৮ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস।

মরু অঞ্চলের প্রাণীদের নিয়ে কাজ করা বিজ্ঞানী আর্ক রাজিক এই দিবসের প্রতিষ্ঠাতা। তিনি লক্ষ্য করেন, মানবসভ্যতার উন্নয়নে গাধা অসামান্য অবদান রাখলেও তারা সবসময় প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত। এই প্রাণীর গুরুত্ব সবার সামনে তুলে ধরতে তিনি প্রথমে একটি ফেসবুক গ্রুপ তৈরি করেন। পরবর্তীতে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্ব গাধা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর ৮ মে দিনটি বৈশ্বিকভাবে উদযাপিত হয়ে আসছে।


আধুনিক গাধা মূলত আফ্রিকান বন্য গাধার দুটি উপপ্রজাতি (সোমালি ও নুবিয়ান) থেকে এসেছে। বিদ্যুৎ বা বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের বহু আগে থেকেই গাধা ছিল মানুষের শক্তির প্রধান উৎস। দীর্ঘ পথ পাড়ি দেওয়া, বিরূপ আবহাওয়ায় টিকে থাকা এবং ভারী বোঝা বহন করার অসামান্য ক্ষমতা এই প্রাণীটিকে অনন্য করে তুলেছে। প্রাচীন বাণিজ্য পথগুলোতে গাধার ভূমিকা ছিল অনস্বীকার্য।


অবহেলিত মনে হলেও এই প্রাণীটির রয়েছে কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য। গাধার বেশ কিছু প্রজাতি ঘণ্টায় প্রায় ৩১ মাইল বেগে দৌড়াতে পারে। এই প্রাণীর গড় আয়ু সাধারণত ৫০ থেকে ৫৪ বছর পর্যন্ত হয়। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল- ডেমোক্র্যাটদের দলীয় প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় গাধা।


গাধা কেবল একটি ভারবাহী প্রাণী নয়, বরং প্রকৃতির এক চমৎকার উপহার। এই শান্ত ও পরিশ্রমী প্রাণীটির প্রতি মানুষ যেন আরও বেশি সদয় হয় এবং তাদের প্রাপ্য যত্ন ও সম্মানটুকু প্রদান করে- সেই সচেতনতা বৃদ্ধিই এই দিবসের মূল লক্ষ্য।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন