পৃথিবীর অন্যতম মধুর শব্দ 'বাবা', যার সঙ্গে জড়িয়ে আছে সন্তানের প্রতি ভালোবাসা, নির্ভরতা আর ভরসার ছায়া। বাবার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বজুড়ে বাবা দিবস উদ্যাপন করা হয়।
সেই হিসেবে আজ রবিবার (২১ জুন) বাংলাদেশসহ সারাবিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস। পশ্চিমা বিশ্বের ধারণা থেকে শুরু হলেও বর্তমানে প্রায় সব দেশেই দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়।
ইতিহাস থেকে জানা যায়, বিংশ শতাব্দীর প্রথম দিকে বাবা দিবস উদ্যাপনের শুরু হয়। মায়ের পাশাপাশি বাবারাও যে সন্তানের প্রতি সমান দায়িত্বশীল, মূলত তা বোঝাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এলাকার একটি গির্জায় প্রথম বাবা দিবস পালিত হয়। এরপর ১৯১০ সালের ১৯ জুন ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডড নামের এক নারীর উদ্যোগে দিবসটি উদ্যাপন করা হয়।
পরবর্তীতে ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণার জন্য একটি বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন এবং অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন দিনটিকে আনুষ্ঠানিকভাবে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। শুরুর দিকে দিবসটির এতটা জনপ্রিয়তা না থাকলেও, বর্তমানে বিশ্বজুড়ে দিনটি বেশ জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপন করা হয়।
ডিবিসি/আরএসএল