বাংলাদেশ, জাতীয়

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দায়িত্ব গ্রহণের পর আজ (২১ জুন) প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এই সফরে তিনি প্রথমে মালয়েশিয়া এবং এরপর চীন যাবেন। মালয়েশিয়া সফর শেষে আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন। দুই দেশের সঙ্গেই প্রধানমন্ত্রীর এই সফরকে কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরে দুটি সমঝোতা স্মারক ও দুটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে। সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করা এবং সেখানে থাকা অনিয়মিত কর্মীদের নিয়মিত করার সুযোগ তৈরি করা। 

 

পাশাপাশি সিন্ডিকেটমুক্ত কর্মী নিয়োগ ব্যবস্থা, হালাল পণ্য রপ্তানি, প্রযুক্তি, কৃষি ও উৎপাদন খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। প্রবাসীরা আশা করছেন, উচ্চ পর্যায়ের এই সফরের মাধ্যমে তাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান হবে।

 

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনে যাবেন। আগামী ২৩ জুন চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এ অংশগ্রহণ করবেন তিনি। সেখান থেকে ২৪ জুন বিকেলে বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন। বেইজিংয়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি সহযোগিতা, চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার এজেন্ডায় রয়েছে। এছাড়া আরসিইপি, ব্রিকস এবং এসসিও-তে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে চীনের সমর্থন চাওয়া হবে।

 

কূটনৈতিক সূত্র অনুযায়ী, চীন সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে। এর মধ্যে নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ প্রতিষ্ঠার জন্য চীনের অনুদান সহায়তা এবং মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের চুক্তি উল্লেখযোগ্য। পাশাপাশি সরকার তিস্তা ও প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের জন্যও চীনের অর্থায়ন চাইতে পারে। এর আগে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম চীন সফর করে এই সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল এরই মধ্যে চীনে অবস্থান করছে।

 

প্রধানমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং পররাষ্ট্র সচিবসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন