বাংলাদেশ, জাতীয়

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ময়মনসিংহের ত্রিশালে যাবেন আজ। তার এই সফরের মূল কর্মসূচির মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং ময়মনসিংহ অঞ্চলের বিএনপির যৌথ সাংগঠনিক সভায় অংশগ্রহণ।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন। যাত্রাশেষে দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় উপস্থিত হয়ে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। 

 

এরপর দুপুর ২টায় ত্রিশালের নজরুল ডাকবাংলোতে তিনি বিরতি নেবেন। বিরতি শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল মঞ্চে যাবেন এবং সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

 

সরকারি ও সাংস্কৃতিক এই কর্মসূচিগুলো শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী দলীয় কার্যক্রমে অংশ নেবেন। তিনি ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং ময়মনসিংহ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত একটি যৌথ সাংগঠনিক সভায় যোগ দেবেন।

 

দিনব্যাপী এই ব্যস্ত সফর শেষে আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন