ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বিমান চলাচল বন্ধ থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। তাদের নিরাপদে দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।
এছাড়া, দ্বিতীয় ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে। দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস এবং এয়ার ইন্ডিয়াকে এ ধরনের বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশেষ এই ফ্লাইটগুলোতে সেইসব যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা খুব শিগগিরই শেষ হওয়ার পথে রয়েছে।
ডিবিসি/আরএসএল