আন্তর্জাতিক, অন্যান্য

আটলান্টিকে জাহাজে হ্যান্টাভাইরাসের আতঙ্ক: ৩ পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি ছোট প্রমোদতরীতে হ্যান্টাভাইরাস সংক্রমণের আশঙ্কায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এমভি হন্ডিউস নামের ওই জাহাজটিতে রহস্যময় এই অসুস্থতায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক ব্রিটিশ নাগরিক বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

জাহাজটির পরিচালক সংস্থা ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, মৃতদের মধ্যে নেদারল্যান্ডসের এক দম্পতি এবং একজন জার্মান নাগরিক রয়েছেন। তবে তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, জোহানেসবার্গের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ৬৯ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিকের শরীরে হ্যান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন চিকিৎসকরা।


দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী ডা. অ্যারন মোতসোয়ালেদি বলেন, আক্রান্ত ব্রিটিশ নাগরিকের অবস্থা আশঙ্কাজনক। হ্যান্টাভাইরাসের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় তাকে উপসর্গভিত্তিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া হচ্ছে।


হ্যান্টাভাইরাস সাধারণত ইঁদুর বা এই জাতীয় প্রাণীর মল, লালা বা প্রস্রাব থেকে মানুষের শরীরে ছড়ায়। এর ফলে আক্রান্ত ব্যক্তির তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তবে মানুষ থেকে মানুষে এই ভাইরাসের সংক্রমণ অত্যন্ত বিরল।


জাহাজে থাকা এক ভ্রমণ ভ্লগার জানান, আমরা কেবল সংবাদপত্রের শিরোনাম নই, আমরা জ্যান্ত মানুষ। জাহাজে কোনো ইঁদুর নেই বলে আমাদের জানানো হয়েছে। যদি এটি হ্যান্টাভাইরাস হয়, তবে সংক্রমণ কীভাবে ছড়ালো তা এক রহস্য।


১৪৯ জন আরোহী নিয়ে জাহাজটি বর্তমানে পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে উপকূলের কাছে নোঙর করে আছে। স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তার খাতিরে যাত্রীদের তীরে নামার অনুমতি দেয়নি। জাহাজ সংস্থা জানিয়েছে, অসুস্থ আরও দুই ক্রু সদস্যকে উন্নত চিকিৎসার জন্য আকাশপথে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বিবেচনায় জাহাজটিকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক ডা. হ্যান্স হেনরি পি ক্লাুগ বলেন, হ্যান্টাভাইরাস সংক্রমণ অস্বাভাবিক এবং সাধারণত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। জনসাধারণের জন্য এর ঝুঁকি বর্তমানে অত্যন্ত কম। আতঙ্কিত হওয়ার বা ভ্রমণ নিষেধাজ্ঞার কোনো প্রয়োজন নেই।


এমভি হন্ডিউস তিন সপ্তাহ আগে আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করেছিল। মাইক্রোবায়োলজিস্ট সিউক্সি ওয়াইলস সতর্ক করে বলেছেন, হ্যান্টাভাইরাসের লক্ষণ প্রকাশ পেতে এক থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আগামী দিনগুলোতে আরও কেউ আক্রান্ত হন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েই যাচ্ছে। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চ মাসে প্রখ্যাত অভিনেতা জিন হ্যাকম্যানের স্ত্রীর মৃত্যুও এই হ্যান্টাভাইরাসজনিত জটিলতায় হয়েছিল।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন