রাজনীতি, জেলার সংবাদ

আদালতকে আবারও দলীয়করণের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আদালতকে আবারও রাজনৈতিকভাবে ব্যবহারের মাধ্যমে দলীয়করণের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম। সোমবার (২ মার্চ) বিকেলে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার দ্য কিং অব চিটাগাং কনভেনশন সেন্টারে এনসিপির বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের যে গণরায়ের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছে, সেই রায়কে নসাৎ করতে আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। অতীতের আওয়ামী লীগ সরকার এই পথ অনুসরণ করেই পতনের দিকে গিয়েছিল উল্লেখ করে তিনি সতর্ক করেন, বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম বানানোর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। তিনি বর্তমান সরকারের প্রতি জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান।

 

এনসিপির আহ্বায়ক বলেন, বন্দরনগরীতে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই লড়াই কেবল ঢাকাকেন্দ্রিক নেতৃত্বে সফল হবে না; বরং চট্টগ্রামের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসমুক্ত শহর নিশ্চিত করতে হবে। 

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি এবং আওয়ামী লীগ কখনও একসঙ্গে চলতে পারে না। যে এলাকায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে, সেখানে সংগঠিত প্রতিরোধ গড়ে তোলা হবে। একইসঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে জনগণের প্রশ্নের মুখে সরকারকে স্পষ্ট জবাব দেওয়ার দাবি জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বাংলাদেশে কোনো সাংবিধানিক ধারাবাহিকতায় নয়, বরং বিদ্যমান সংবিধান লঙ্ঘনের ফলেই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বর্তমান পরিস্থিতিকে কেবল সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বিএনপির সংসদ সদস্যদের অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করার আহ্বান জানান।

 

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে একই দিনে সংসদ ও সংস্কার পরিষদ উভয়টি কার্যকর করার দাবি তোলেন। তিনি বলেন, যারা সংস্কারের বিরোধিতা করছে, তারা মূলত জনগণের রায়ের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে।

 

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে রমজান পরবর্তী সময়ে চট্টগ্রামের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এনসিপির সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী চরিত্রের কোনো নতুন রূপান্তর আর বরদাশত করা হবে না। এনসিপির বিভাগীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন