রাজনীতি

আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা মার্চ ২০২৬ ০৭:৩২:৫১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজনৈতিক দায় এড়িয়ে আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাবের বিষয়ে চার সপ্তাহের রুল জারির প্রেক্ষিতে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই গভীর উদ্বেগ প্রকাশ করেন।

 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে, তার পরিণতি ইতিবাচক হয়নি; বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে। তাঁর মতে, সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে যে, রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশন দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ হবে বলে তিনি সতর্ক করেন।

 

পছন্দসই ফল পাওয়ার উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করার পুরনো কৌশল পরিহার করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ায়, তবে তা জনগণের প্রত্যাশার পরিপন্থী হবে। দেশের জনগণ ও জুলাই সনদকে মুখোমুখি দাঁড় করানোর যেকোনো অপচেষ্টা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে বলে দেশবাসী মনে করে।

 

অনতিবিলম্বে এ ধরনের হঠকারী পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে সংলাপ ও ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক সমস্যার সমাধান করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন