পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গতকাল মঙ্গলবার (৬ই জানুয়ারি) কারাগারের কনফারেন্স কক্ষে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কারা সূত্রের বরাতে জানা গেছে, কারা বিধি মেনেই এই দম্পতির সাক্ষাৎ আয়োজিত হয়। প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই সাক্ষাতে তারা একে অপরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। এর আগে গত সপ্তাহেও তাদের মধ্যে একবার সাক্ষাৎ হয়েছিল।
সাক্ষাতের পাশাপাশি এদিন বুশরা বিবির আইনজীবীর মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে ইমরান খান ও বুশরা বিবির ব্যবহারের জন্য কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জমা দেওয়া হয়। এর মধ্যে ছিল শীত নিবারণের জন্য কম্বল ও শীতবস্ত্র এবং কিছু ফলমূল ও খেজুর।
উল্লেখ্য, বর্তমানে ইমরান খান ও বুশরা বিবি উভয়েই বিভিন্ন মামলায় আদিয়ালা কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন। তোশাখানা–২ মামলায় রাষ্ট্রীয় উপহার কম দামে কেনা ও দুর্নীতির অভিযোগে গত মাসে একটি বিশেষ আদালত তাদের দুজনকেই ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন। ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবাদসহ একাধিক মামলা রয়েছে। যদিও পিটিআই প্রধান সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে পিটিআই ও বর্তমান সরকারের মধ্যে উত্তেজনা চলছে। ইমরান খানের বোনেরা কারা বিধি লঙ্ঘন করেছেন এমন অভিযোগ তুলে সরকার আগামী ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত ইমরানের সঙ্গে সব ধরনের সাক্ষাতে নিষেধাজ্ঞা জারি করেছে।
তথ্যসূত্র: জিও নিউজ।
ডিবিসি/এএমটি