বিবিধ

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২৬ ০৯:৫২:৫৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। গত ২৭ মে হাসপাতালে ছয়জন নবজাতকের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সেবা কার্যক্রমে সাময়িক কিছুটা বিঘ্ন ঘটলেও, বর্তমানে ২৪ ঘণ্টা সব ধরনের চিকিৎসাসেবা স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান রয়েছে।

হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ ও জরুরি বিভাগসহ সব ধরনের প্রয়োজনীয় সেবা চালু রয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে ১ হাজার ৩৯ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। এছাড়া নতুন করে ভর্তি হয়েছেন ৭১ জন রোগী এবং ২৪ ঘণ্টায় মোট ২৫ জন প্রসূতির সন্তান প্রসব সম্পন্ন হয়েছে। সাধারণত এই হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী সেবা নিয়ে থাকেন, যার মধ্যে প্রায় ২০০ জনই গর্ভবতী মা। এখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৮০টি ডেলিভারি সম্পন্ন হয়ে থাকে।


এ বিষয়ে আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন জানান, ১৯৯৭ সাল থেকে আদ্-দ্বীন হাসপাতাল সবার সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে আসছে। দক্ষ চিকিৎসক এবং উন্নত সেবার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অনন্য আস্থা অর্জন করেছে এই প্রতিষ্ঠান। সরকারের পাশাপাশি দেশের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আদ্-দ্বীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তিনি আরও জানান, বর্তমানে ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় মোট ৫টি মেডিকেল কলেজ ও ৯টি হাসপাতালের মাধ্যমে দেশব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। কম খরচ ও মানসম্মত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা থাকায় বিপুলসংখ্যক রোগী এখানে সেবা নেন। বিশেষ করে হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস বিভাগে ইনফেকশন প্রিভেনশন বা সংক্রমণ রোধে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হয়, তা আন্তর্জাতিক মানের। সাময়িক সংকট কাটিয়ে হাসপাতালটি বর্তমানে পূর্ণোদ্যমে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন