আন্তর্জাতিক

আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দ. আফ্রিকার করা গণহত্যা মামলায় যোগ দিল বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে ডিসেম্বর ২০২৫ ১০:৩৫:১০ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলায় এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিল বেলজিয়াম।

মঙ্গলবার (২৩শে ডিসেম্বর ২০২৫) জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, বেলজিয়াম এই মামলায় হস্তক্ষেপের ঘোষণা দিয়ে নথিপত্র জমা দিয়েছে।

 

এর আগে ব্রাজিল, কলম্বিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, স্পেন এবং তুরস্কের মতো দেশগুলোও এই মামলায় পক্ষ হিসেবে যোগ দিয়েছে।

 

২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালতে এই মামলাটি দায়ের করে। এতে অভিযোগ করা হয় যে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ১৯৪৮ সালের জাতিসংঘের 'জেনোসাইড কনভেনশন' বা গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদ লঙ্ঘন করেছে। তবে ইসরায়েল বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং মামলার সমালোচনা করেছে।

 

যদিও এই মামলার চূড়ান্ত রায় আসতে কয়েক বছর সময় লাগতে পারে, তবুও ২০২৪ সালের জানুয়ারিতে আদালত কিছু অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছিল। সেখানে ইসরায়েলকে গাজায় গণহত্যা রোধে ব্যবস্থা নিতে এবং মানবিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতের এই আদেশ আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার কোনো সরাসরি বা প্রত্যক্ষ ব্যবস্থা আইসিজের নেই।

 

আন্তর্জাতিক আদালত এর আগে জানিয়েছিল, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং তাদের নীতিগুলো ভূখণ্ড দখলের শামিল। আদালতের রায় এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও ইসরায়েল গাজা ও অধিকৃত পশ্চিম তীরে তাদের হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের বড় অংশ দখলের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে তারা।

 

এদিকে, যুক্তরাষ্ট্র এবং তাদের কিছু ইউরোপীয় মিত্র দেশ ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। ওয়াশিংটন দক্ষিণ আফ্রিকার এই মামলার যৌক্তিকতা নাকচ করে দিয়েছে এবং মার্কিন আইনপ্রণেতারা এ নিয়ে দক্ষিণ আফ্রিকার সমালোচনা ও হুমকিও দিয়েছেন।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন