লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৮০ বছর বয়সে তার এই মহাপ্রয়াণ এবং বুধবার (৩১শে ডিসেম্বর) অনুষ্ঠিত জানাজায় নজিরবিহীন জনসমাগমের খবর অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বিবিসি, আলজাজিরা, রয়টার্স, এএফপি, গার্ডিয়ানসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে এই ‘জনসমুদ্র’ এবং খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সমাপ্তিকে ‘একটি যুগের অবসান’ হিসেবে অভিহিত করেছে।
গতকাল মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) মৃত্যুর পর আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
পশ্চিমা গণমাধ্যমে ‘যুগের অবসান’ ও ‘রাষ্ট্রীয় মর্যাদা’ খালেদা জিয়ার বিদায়কে বাংলাদেশের রাজনীতির একটি বড় অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় মর্যাদার জানাজায় মানুষের শোক।’
আরেক প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান শিরোনাম করেছে, ‘একটি যুগের অবসান: নিজেদের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সমাহিত করল বাংলাদেশ।’
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে লিখেছে, ‘রাষ্ট্রীয় জানাজায় খালেদা জিয়ার জন্য বাংলাদেশের শোক।’ জানাজার দৃশ্য বর্ণনা করে ফরাসি সংবাদমাধ্যম লঁ মন্ত লিখেছে, ‘খালেদা জিয়ার শেষ বিদায়: হাজার হাজার মানুষ গেলো তার কফিনের পেছনে।’ এছাড়া অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি শিরোনাম করেছে, ‘খালেদা জিয়ার শেষ বিদায়: স্বামীর পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত।’
এশীয় ও মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে ‘জনসমুদ্র’ জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও জনতার আবেগকে প্রধান্য দিয়েছে এশীয় ও মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের শিরোনামে লিখেছে, ‘শোকাহত বাংলাদেশে খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুল জনতার সমাগম।’ তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের শিরোনাম ছিল, ‘রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে বিদায় জানাল বাংলাদেশ।’
প্রতিবেশী ভারতের বার্তা সংস্থা এএনআই শিরোনাম করেছে, ‘খালেদা জিয়ার শেষ বিদায়ের জন্য ঢাকায় জড়ো হলো জনসমুদ্র।’ পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন তাদের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতির কথা উল্লেখ করে লিখেছে, ‘শোকাহতদের নেতৃত্বে তারেক রহমান। খালেদা জিয়াকে ঢাকায় দাফন।’ পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ লিখেছে, ‘ঢাকায় খালেদা জিয়ার শেষ বিদায়ে যোগ দিলেন দক্ষিণ এশিয়ার নেতারা।’
এছাড়া মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা লিখেছে, ‘খালেদা জিয়ার জানাজায় লাখো মানুষ। স্বামীর পাশে সমাহিত।’ চীনা গণমাধ্যমেও সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে বাংলাদেশে পালিত রাষ্ট্রীয় শোকের খবর গুরুত্ব পেয়েছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ প্রভাব, আপসহীন ভাবমূর্তি এবং তার বিদায়লগ্নে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগের চিত্রটিই ফুটে উঠেছে।
ডিবিসি/এনএসএফ