চলমান আঞ্চলিক নানা সংকট ও ভূ-রাজনীতি নিয়ে আলোচনার লক্ষ্যে চলতি সপ্তাহেই তুরস্কের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি আরব, পাকিস্তান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা। বিশ্বব্যাপী চলমান নানা সংকটের মধ্যেই তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে বার্ষিক এই আয়োজন।
তবে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে এবারের আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এখানে উপস্থিত থাকলেও, সবার নজর এখন তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আজকের বিশেষ বৈঠকের দিকে।
এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বৈঠক হতে যাচ্ছে, কারণ এটি এই চার দেশের মধ্যকার তৃতীয় দফার আলোচনা। সংশ্লিষ্ট দেশগুলো একদিকে যেমন যুদ্ধবিরতি বজায় রাখতে চাইছে, অন্যদিকে উভয় পক্ষকেই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে উৎসাহিত করছে। এ লক্ষ্যে দেশগুলো তাদের নিজ নিজ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক প্রভাব কাজে লাগানোর চেষ্টা করছে। তবে এসবের পাশাপাশি আলোচনার টেবিলে তারা নিজেদের দাবি ও স্বার্থের বিষয়গুলোও স্পষ্টভাবে তুলে ধরতে চায়।
আন্তালিয়ায় উপস্থিত কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এই চারটি বড় দেশের বারবার একত্রিত হওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো— যুদ্ধ-পরবর্তী সময়ের জন্য এই অঞ্চলে নিজেদের নতুন অবস্থান নির্ধারণের প্রস্তুতি নেওয়া। তারা অনুধাবন করতে পেরেছেন যে, এই অঞ্চলটি আর কখনোই আগের মতো থাকবে না; এখানকার পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে, যা নতুন সুযোগের পাশাপাশি বিশাল সব চ্যালেঞ্জও তৈরি করেছে।
তাই দেশগুলো এখন নিজেদের নীতিগুলোর পুনর্মূল্যায়ন করছে এবং আলাদাভাবে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে একে অপরের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি