ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নাগরিকদের একটি ভোট কেবল সরকার নির্বাচন করবে না, বরং এটি ১৭ বছরের নীরবতা এবং বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
ভাষণে প্রধান উপদেষ্টা তরুণ ও নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত প্রজন্ম এবারই প্রথম সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছে। নারীদের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও অর্থনীতির চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন তাদের জন্য এক নতুন সূচনা।
এছাড়া, বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে না- এমন প্রচারণাকে তিনি ‘ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার’ বলে উল্লেখ করেন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন যে, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব শেষ করবে।
ড. ইউনূস নাগরিকদের সপরিবারে উৎসবমুখর পরিবেশে এবং দ্বিধাহীন চিত্তে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভোটের চাবিটি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার দরজা উন্মুক্ত করতে হবে। তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন ও গণভোট সম্ভব হতো না।
ডিবিসি/আরএসএল