ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের শেষ সুযোগটুকুও হাতছাড়া হয়ে গেল। ঋণ খেলাপির দায়ে তাঁর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তিনি আর আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে নিশ্চিত করেছেন আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। সর্বোচ্চ আদালতের এই আদেশের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ও হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রইল।
ঘটনার সূত্রপাত হয় ঋণ খেলাপির অভিযোগকে কেন্দ্র করে। এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে অভিযোগ করেন যে, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন (ইসি) শুনানির পর বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।
ইসির সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট তাঁর রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন। আজ রোববার সেই আবেদনও খারিজ হয়ে যাওয়ায় নির্বাচনের মাঠ থেকে চূড়ান্তভাবে ছিটকে গেলেন বিএনপির এই প্রবীণ নেতা। ফলে এই আসনে এখন নির্বাচনী সমীকরণ নতুন মোড় নিল।
ডিবিসি/পিআরএএন