আন্তর্জাতিক, এশিয়া

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮, কাঁপল পাকিস্তান ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুক্রবার (৩ এপ্রিল) হিন্দু কুশ অঞ্চলে আঘাত হানা ৫.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে মধ্য আফগানিস্তানে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ভূমিকম্পের জেরে আফগানিস্তানের বিভিন্ন অংশের পাশাপাশি প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও তীব্র ভূকম্পন অনুভূত হয়।

আফগানিস্তানের বাখতার নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, নিহতরা মধ্য কাবুল প্রদেশের বাগ্রামি জেলার বাসিন্দা। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এর আগে আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ভূমিকম্পের পর থেকে একজন নিখোঁজ রয়েছেন।

 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ১৬টা ১২ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৮১ কিলোমিটার (১১২ মাইল) গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫.৯ বলে জানানো হলেও পরবর্তীতে তা ৫.৮-এ নামিয়ে আনা হয়। ওবায়দুল্লাহ বাহির নামে এক স্থানীয় বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, আফগানিস্তানের রাজধানী কাবুলেও এই কম্পন অনুভূত হয়েছে।

 

আফগানিস্তানের সীমানা ছাড়িয়ে প্রতিবেশী পাকিস্তানেও এ ভূমিকম্পের তীব্র প্রভাব পড়ে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরেও ভূকম্পন অনুভব করেছেন স্থানীয়রা। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তান আবহাওয়া বিভাগ (পিএমডি) প্রাথমিকভাবে এই ভূমিকম্পের মাত্রা ৬.১ বলে রেকর্ড করেছিল।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন