আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে একটি যাত্রীবাহী মিনিবাস পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, গাড়িটি রাজধানী ফাইজাবাদের দিকে যাচ্ছিল। যাত্রাপথে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। প্রাদেশিক পুলিশের মুখপাত্র এই দুর্ঘটনার জন্য সড়কের ক্ষতিগ্রস্ত অবস্থাকেই প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন।
দুর্ঘটনায় হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই উল্লেখযোগ্য, যেখানে নিহতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী ও চারজন পুরুষ রয়েছেন। পুলিশের তথ্যানুযায়ী, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ১২ জনের মৃত্যু হয় এবং বাকিদের উদ্ধারের চেষ্টা করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়ায়। এই ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের ফলে আফগানিস্তানের সড়ক অবকাঠামোর ক্ষতিগ্রস্ত অবস্থা এবং ঝুঁকিপূর্ণ যানচলাচলের কারণে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এর আগে গত বছরের আগস্টে হেরাত প্রদেশে ৭৮ জন এবং কাবুলের কাছে ২৫ জন নিহত হওয়ার ঘটনাও ঘটেছিল। কর্তৃপক্ষের মতে, ভাঙাচোরা সড়ক ও চালকদের অবহেলার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবউন
ডিবিসি/টিবিএ