আন্তর্জাতিক, এশিয়া

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় পাকিস্তান ফেরত ১৮ শরণার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি প্রধান মহাসড়কে পাকিস্তান থেকে সদ্য দেশে ফেরা আফগান শরণার্থীদের বহনকারী একটি মালবাহী ট্রাক উল্টে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন শিশু ও বেশ কয়েকজন নারী রয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (৩০ মে) স্থানীয় সময় ভোর আনুমানিক সাড়ে ৫টায় লাঘমান প্রদেশের কারঘায়ি জেলার সুরখাকান মোড়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


লাঘমান প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফ জানান, ট্রাকটি অতিরিক্ত শরণার্থী পরিবার এবং তাদের গৃহস্থালির আসবাবপত্রে ঠাসা ছিল। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় চালক ঘুমিয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়।


প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজায় জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারগুলো পাকিস্তান থেকে ফিরে সাময়িকভাবে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে অবস্থান করছিল। সেখান থেকে তারা রাজধানী কাবুলের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী নানগারহার প্রদেশের হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেশ কয়েকজন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


তালিবান সরকারের কেন্দ্রীয় মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এই ট্র্যাজেডিতে গভীর শোক প্রকাশ করেছেন। মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা শেষ হওয়ার পরপরই এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।


এদিকে, আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি আর্থিক সহায়তা হিসেবে ৭ লাখ ৩০ হাজার আফগানী বরাদ্দ করার ঘোষণা দিয়েছে।


আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। দশকের পর দশক ধরে চলা যুদ্ধ-সংঘাতের কারণে দেশটির মহাসড়কগুলোর অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। এর ওপর ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইনের তোয়াক্কা না করার কারণে প্রায়ই এমন প্রাণহানি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১০ দিনেই দেশটির পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।


জাতিসংঘের পরিসংখ্যান বলছে, পাকিস্তান সরকারের নথিপত্রহীন অভিবাসী বিতাড়ন অভিযানের কারণে চলতি বছরেই প্রায় ৪ লাখ ৪৭ হাজার আফগান শরণার্থী পাকিস্তান থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সতর্ক করে বলেছে, জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার কারণে বাধ্য হয়ে চরম ঝুঁকিপূর্ণ উপায়ে গাদাগাদি করে বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকে চড়ে পরিবারগুলো দেশে ফিরছে, যা এই ধরনের ভয়াবহ দুর্ঘটনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন