খেলাধুলা, ফুটবল

আবারও বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবের ব্র্যান্ড হিসেবে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের ব্র্যান্ড ভ্যালু ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে এখন দাঁড়িয়েছে ২.৪ বিলিয়ন ইউরোতে।

র‌্যাঙ্কিংয়ে রিয়াল মাদ্রিদের এটি টানা তৃতীয় বছর প্রথম স্থান অর্জন। এর পাশাপাশি টানা তিন বছর ধরে ক্লাবটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফুটবল ব্র্যান্ডের স্বীকৃতিও লাভ করেছে। ব্র্যান্ড ফাইন্যান্স ক্লাবটিকে ১০০-এর মধ্যে ৯৫.৮ ব্র্যান্ড শক্তি সূচক স্কোর দিয়েছে, যা বিশ্লেষাণ করা ২৮১টি ক্লাবের মধ্যে সর্বোচ্চ।

বিশ্বব্যাপী খ্যাতি, বিশাল সমর্থকগোষ্ঠী, তারকা খেলোয়াড়দের আকর্ষণ করার ক্ষমতা এবং সমৃদ্ধ ইতিহাসের কারণে এই অবস্থান অর্জন করেছে ক্লাবটি। গত বছরের তুলনায় ব্র্যান্ড মূল্য ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এই মূল্যায়ন বেশ তাৎপর্যপূর্ণ।

 

র‌্যাঙ্কিংয়ে রিয়াল মাদ্রিদের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে বার্সেলোনা। তাদের ব্র্যান্ড মূল্য ১৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ২ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এর মাধ্যমে স্পেনের এই দুই শীর্ষ ক্লাব বিশ্ব ফুটবল অঙ্গনের চূড়ায় নিজেদের অবস্থান সুসংহত করেছে। ব্র্যান্ড ফাইন্যান্সের আইবেরিয়া ও দক্ষিণ আমেরিকার ব্যবস্থাপনা পরিচালক পিলার আলোনসো উলোয়া এই দুই ক্লাবের অসাধারণ বাণিজ্যিক সাফল্য এবং জনপ্রিয়তাকে পুঁজি করার ক্ষমতার প্রশংসা করেছেন।

 

সামগ্রিকভাবে ফুটবল বিশ্বে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ব্র্যান্ড ফাইন্যান্সের প্রাক্কলন অনুযায়ী, বিশ্বের শীর্ষ ৫০টি ফুটবল ক্লাবের সম্মিলিত ব্র্যান্ড মূল্য ২৩.৯ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা তাদের ১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। এর মধ্যে শীর্ষ ১০টি ক্লাবের সম্মিলিত মূল্যই ১৪.৯ বিলিয়ন ইউরো, যা মোট মূল্যের ৬০ শতাংশের বেশি। ২০১২ সাল থেকে শীর্ষ ১০-এর সম্মিলিত ব্র্যান্ড মূল্য ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

তালিকায় রিয়াল মাদ্রিদের ঠিক পরেই রয়েছে অন্যান্য শীর্ষস্থানীয় ক্লাবগুলো। ব্র্যান্ড মূল্য ২৮ শতাংশ বৃদ্ধি করে পাঁচ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। বায়ার্ন মিউনিখ চতুর্থ স্থানে এবং পিএসজি পঞ্চম স্থানে রয়েছে। এরপরে রয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এছাড়া এক দশকের মধ্যে প্রথমবারের মতো শীর্ষ দশে ফিরে এসেছে বরুশিয়া ডর্টমুন্ড।

 

স্প্যানিশ ফুটবলের অভ্যন্তরীণ চিত্রেও পরিবর্তন এসেছে। অ্যাতলেতিকো মাদ্রিদ বিশ্বব্যাপী ১১তম স্থানে উঠে এসেছে। রিয়েল বেতিস পাঁচ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে এবং অ্যাথলেটিক ক্লাব, ভিয়ারিয়াল ও রিয়াল সোসিয়েদাদও শীর্ষ ৫০-এর মধ্যে জায়গা করে নিয়েছে। তবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাথে স্পেনের বাকি ক্লাবগুলোর ব্যবধান এখনও বেশ বড়।

 

মাঠের পারফরম্যান্সের বাইরে ক্লাবের বাণিজ্যিক শক্তির মাপকাঠি হিসেবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। যেখানে ব্র্যান্ডের নিট অর্থনৈতিক সুবিধা বিবেচনা করা হয়। টানা তিন বছর শীর্ষে থাকার এই অর্জন প্রমাণ করে যে রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচিতি এবং বাণিজ্যিক পরিধি একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।
 

সূত্র: ইয়াহু স্পোর্টস

আরও পড়ুন