বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে বলেছেন, বল এখন বিএনপির কোর্টে। তারা সামনে শট দিতে গিয়ে ভুল করে পেছনের দিকে শট দিলে নিজেদের গোলপোস্টেই বল ঢুকে যাবে।
শনিবার (২৩ মে) দুপুর ১২টায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি এক ধরনের দ্বিধা ও সংকটের মধ্যে পড়েছে। আগে তারা সংস্কার, গণভোট ও রাষ্ট্র পুনর্গঠনের কথা বললেও এখন ক্ষমতায় আসার সম্ভাবনায় সেই অবস্থান থেকে সরে যাচ্ছে। বিএনপি এখন সংস্কারকে পাশ কাটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, তাদের অবস্থা এখন গলার কাঁটা আটকে যাওয়ার মতো; তারা এটি গিলতেও পারছে না, ফেলতেও পারছে না। নিজেদের অবস্থানের ব্যাখ্যাও তারা জনগণের সামনে দিতে পারছে না। অন্যদিকে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জামায়াতে ইসলামী পরিষ্কার অবস্থান নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, হাজারও মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও ন্যায়বিচারের যে স্বপ্ন জনগণ দেখেছিল, বাস্তবে তা পূরণ হয়নি। মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশে খুন, ছিনতাই, শিশু ধর্ষণ ও নির্মম হত্যার মতো বর্বর ঘটনা এবং উদ্বেগজনক হারে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়া রাষ্ট্র ও সমাজব্যবস্থার ভয়াবহ ব্যর্থতারই চিত্র। এ অবস্থায় অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর শাস্তির আওতায় আনতে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রেখে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
‘জুলাই সনদে’র ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়ে গোলাম পরওয়ার বলেন, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রকৃত সংস্কার আনতে হবে। শুধু ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি বদলাতে হবে। পিএসসির চেয়ারম্যান নিয়োগে প্রধানমন্ত্রীর একক প্রভাব থাকলে দলীয়করণের ঝুঁকি থেকে যায় উল্লেখ করে তিনি সতর্ক করেন, পুরোনো ধারায় ফিরে গেলে কোটাব্যবস্থা ও দলীয়করণের বিরুদ্ধে লড়াই করা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ বৃথা যাবে।
এ ছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারলে কোনো সরকারই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে পারবে না।
ডিবিসি/এফএইচআর