ইরানের নেতৃত্বে অভ্যন্তরীণ বিভাজন বা কোন্দল রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির শীর্ষ নেতারা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেয়ি ট্রাম্পের এই দাবির কড়া জবাব দিয়েছেন।
সম্প্রতি ট্রাম্প দাবি করেন, ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামোর ভেতরে ‘কট্টরপন্থি’ এবং ‘মধ্যপন্থি’দের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছে। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং স্পিকার গালিবাফ জোর দিয়ে বলেন, ইরানে মধ্যপন্থি এবং কট্টরপন্থি বলে কোনো কিছুর অস্তিত্ব নেই।
তারা বলেন, আমরা সবাই 'ইরানি' এবং 'বিপ্লবী'। জাতি ও সরকারের লৌহদৃঢ় ঐক্য এবং বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে আমরা সীমা লঙ্ঘনকারী আগ্রাসীদের তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হতে বাধ্য করব। নেতৃবৃন্দ তাদের পোস্টে আরও যুক্ত করেন, এক ঈশ্বর, এক নেতা, এক জাতি, এক পথ।
ইরানের বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেয়িও প্রায় একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের জানা উচিত যে পশ্চিমা রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহৃত 'কট্টরপন্থি' এবং 'মধ্যপন্থি' শব্দগুলো সম্পূর্ণ অর্থহীন ও ভিত্তিহীন ধারণা। তিনি আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানে সব গোষ্ঠী এবং দল শেষ পর্যন্ত সর্বোচ্চ নেতার নির্দেশনার অধীনে ঐক্যবদ্ধ থাকে।
ডিবিসি/কেএলডি