খেলাধুলা, ফুটবল

আমাকে আনচেলত্তির কথা শুনতে হবে: ম্যাচসেরা ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২১শে জুন ২০২৬ ০১:০৪:৫৩ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যারিয়ারজুড়ে সাধারণত উইং বা ফরোয়ার্ড পজিশনেই খেলে আসছেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু গতকাল হাইতির বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচে তিনি খেলেছেন মাঝমাঠে। দলের ৩ গোলের মধ্যে নিজে এক গোল করার পাশাপাশি ম্যাথুস কুনিয়াকে দিয়ে একটি গোল করিয়েছেনও তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের ফলস্বরূপ নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

কার্লো আনচেলত্তির পরামর্শেই মূলত পজিশন বদল করেছেন ভিনিসিউস। ব্রাজিলীয় এই তারকা মনে করেন, কোচের কথা তার আরও বেশি শোনা উচিত। কারণ, এই পজিশনে খেললে তিনি তুলনামূলক বেশি গোল পান।


ম্যাচ শেষে ব্রাজিলের ৭ নম্বর জার্সিধারী এই খেলোয়াড় বলেন, আজ আমি ভিন্ন একটি পজিশনে খেলেছি। কোচ আমাকে দুই সেন্টার-ব্যাকের মাঝখানে খেলতে বলেছিলেন। আমি সাধারণত সেখানে খুব বেশি খেলি না কিন্তু যখনই কোচ আমাকে সেখানে খেলতে বলেন, আমি গোল করি। আমার উচিত তার কথা আরও বেশি করে শোনা।

 

ভিনিসিউস জানান, হাইতির বিপক্ষে এই জয় দলকে টুর্নামেন্টে আরও উন্নতি করার আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি এনে দিয়েছে।

 

তিনি বলেন, প্রথম ম্যাচটি (মরক্কোর বিপক্ষে) ছিল সম্পূর্ণ আলাদা, কারণ তখন প্রথম ম্যাচের একটা চাপ ছিল। কিন্তু আজ সবাই অনেক বেশি স্বস্তিতে ছিল। মাঠও আমাদের ফুটবল খেলার জন্য বেশ সহায়ক ছিল। আমরা আশা করি এভাবেই এগিয়ে যেতে পারব এবং আরও উন্নতি করব, কারণ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার আরও বলেন, তিনি বর্তমানে শারীরিক, কৌশলগত এবং মানসিক সবদিক থেকেই নিজের সেরা অবস্থায় আছেন। তার ভাষায়, ‘বিশ্বের সেরা প্রতিযোগিতায় শতভাগ ফিট অবস্থায় থাকার স্বপ্ন আমি সবসময় দেখেছি। একটি গোল করা এবং একটি অ্যাসিস্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাকে পরবর্তী ম্যাচের জন্য আত্মবিশ্বাস জোগায়। আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারব এবং সামনে আরও ভালো ম্যাচ খেলতে পারব।’ সূত্রঃ ইয়াহু স্পোর্টস


ডিবিসি/আরএসএল

আরও পড়ুন